পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার এসে লাগল কলকাতার ফুটবল মক্কার হেঁশেলেও। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের (LPG) যে তীব্র সংকট তৈরি হয়েছে, তার কোপ পড়েছে ময়দানের ছোট-বড় ক্লাব ক্যান্টিনগুলোর ওপর। বিশেষ করে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো ক্লাবের ক্যান্টিনগুলোতে, যেখানে প্রতিদিন শত শত খেলোয়াড় এবং ফুটবলপ্রেমীদের ভিড় জমে, সেখানে এখন উনুন জ্বালানোই দায় হয়ে দাঁড়িয়েছে।
ময়দানের অতি পরিচিত মুখ ‘কাজু দা’ (পলাশ মুখোপাধ্যায়)-র মতো ক্যান্টিন মালিকরা এখন চরম দুশ্চিন্তায়। বাণিজ্যিক সিলিন্ডারের জোগান কার্যত তলানিতে ঠেকেছে। কাজু দা-র কথায়, “গ্যাস না থাকলে খেলোয়াড়দের জন্য পুষ্টিকর স্টু বা সমর্থকদের প্রিয় স্ন্যাকস তৈরি করব কী করে? দিনের পর দিন বুকিং করেও সিলিন্ডার মিলছে না।” ইটিভি ভারতের পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে, শুধু কাজু দা নন, ময়দানের ছোট ছোট টেন্টগুলোর ক্যান্টিনও একই সঙ্কটের মুখে। জোগান না বাড়লে পকেটে টান পড়ার পাশাপাশি ময়দানের শতাব্দী প্রাচীন রসনা সংস্কৃতিও বড়সড় ধাক্কা খেতে পারে।