আসানসোলের পোলো ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ জনসভাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে প্রায় সাড়ে ৪৫০টি মোবাইল ফোন, মানিব্যাগ ও সোনার গয়না হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতভর হিরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির দাবি, তারা ১০ জন চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকি ‘চুরি’র বদলে ‘হারিয়ে গিয়েছে’ লিখতে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সরব হন। অন্যদিকে, আক্রান্ত বিজেপি কর্মী ঝুলন মাজির দাবি, মোবাইল হারানোর কথা জানানো সত্ত্বেও দায়সারা উত্তর দিয়েছে কর্তব্যরত পুলিশ।
পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক বলেন, “মোদির সভায় সাড়ে ৪০০ মোবাইল চুরিই বলে দিচ্ছে সেখানে কারা গিয়েছিল। এই দলটা কাদের নিয়ে চলে তা পরিষ্কার।” তবে হিরাপুর থানা জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং বেশ কিছু মোবাইল ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।





