মোথাবাড়িকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এক মহিলা বিএলও (BLO)-কে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। গাইঘাটা বিধানসভার ৩৮ নম্বর বুথের পানসিরা গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএলও নমিতা দাস। অভিযোগ, আমতলা মোড়ের কাছে একদল গ্রামবাসী তাঁকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, ওই বুথের ৮৭২ জন ভোটারের মধ্যে অনেকের নামই বাদ গিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নমিতা দাস ‘টাকা খেয়ে’ এই কাজ করেছেন। আতঙ্কিত নমিতা দেবী তৎক্ষণাৎ এআরও (AERO) সুদীপ্তা ঘোষকে ফোন করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ টানাপোড়েনের পর তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
উদ্ধার হলেও আতঙ্ক কাটছে না নমিতা দাসের। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমাকে ঘিরে ধরে বলা হচ্ছিল আমি নাকি কোনো বিশেষ দলের হয়ে কাজ করেছি। আমি কমিশনের নির্দেশেই নথি অনুযায়ী কাজ করেছি। এখন ফিল্ডে বেরোতে ভয় লাগছে।” যদিও প্রশাসনের তরফে কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে, তবে বারংবার ভোটার তালিকা সংশোধনীকে কেন্দ্র করে সরকারি কর্মীদের হেনস্থার ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।





