মেধার জয়জয়কার! মাধ্যমিকের ফলে কিস্তিমাত করল উত্তর দিনাজপুর, ভাঙল সব রেকর্ড?

অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Results 2026) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় আজ সকাল সাড়ে ৯টায় পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে ছাত্রছাত্রীদের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন। এ বছর পাসের হার গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৬.৮৩ শতাংশে। গত বছর যা ছিল ৮৬.৫৬ শতাংশ।

এবারের ফলাফলে ভৌগোলিক বৈচিত্র্য চোখে পড়ার মতো। পাসের হারের নিরিখে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে কালিম্পং জেলা। দ্বিতীয় স্থানে নিজেদের আধিপত্য বজায় রেখেছে পূর্ব মেদিনীপুর। পরিসংখ্যান বলছে, ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী ৯০-১০০ শতাংশ নম্বর পেয়েছে। এছাড়া ৮০-৯০ শতাংশ নম্বর পেয়েছে ২.৮৯ শতাংশ পড়ুয়া এবং ৭০-৮০ শতাংশের মধ্যে রয়েছে ৯.৬৪ শতাংশ ছাত্রছাত্রী। মেধা তালিকায় এ বছর কার্যত জোয়ার এসেছে। ১৯টি জেলা থেকে মোট ১৩১ জন ছাত্রছাত্রী প্রথম দশে জায়গা করে নিয়ে নজির গড়েছে।

চলতি বছরে মাধ্যমিকের মুকুট ছিনিয়ে নিয়েছেন উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। সারদা বিদ্যাপীঠের এই কৃতি ছাত্র ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন। মাত্র এক নম্বরের ব্যবধানে দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী শিশুমন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায় (৬৯৭)। তৃতীয় স্থানে রয়েছেন তিন কৃতি শিক্ষার্থী।

এক নজরে দেখে নিন ২০২৬-এর মেধা তালিকার শীর্ষে যারা:

প্রথম: অভিরূপ ভদ্র (উত্তর দিনাজপুর, সারদা বিদ্যাপীঠ) — ৬৯৮

দ্বিতীয়: প্রিয়তোষ মুখোপাধ্যায় (বীরভূম, সরোজিনী দেবী শিশুমন্দির) — ৬৯৭

তৃতীয়: সৌর জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), অঙ্কন কুমার জানা (পূর্ব মেদিনীপুর, রামকৃষ্ণ শিক্ষা মন্দির) এবং মৈনাক মণ্ডল (বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল) — ৬৯৫

পর্ষদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট যাচাই করতে পারছেন। যারা এখনো ফলাফল দেখেননি, তারা নাম ও রোল নম্বর দিয়ে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি রেজাল্ট চেক করে নিন। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy