মেঘালয়ে মৃত্যুমিছিল! বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১৬, খনির অন্ধকারে এখনও আটকে বহু শ্রমিক

মেঘালয়ের পূর্ব জয়ন্তীয়া হিলস জেলায় এক মর্মান্তিক খনি দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালে জেলার থাংস্কু এলাকার একটি অবৈধ কয়লা খনিতে কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে খনির একাংশ ধসে পড়ে এবং ভেতরে থাকা শ্রমিকরা আটকে পড়েন।

ইস্ট জয়ন্তীয়া হিলস পুলিশের এসপি বিকাশ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। তবে খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ (NDRF)-এর তিনটি বিশেষ দলকে উদ্ধারকাজে নামানো হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় সুতঙ্গা প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খনিটি সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হচ্ছিল। মেঘালয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে এই ধরণের বিপজ্জনক খনন কার্য চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy