মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় এক ভয়াবহ খনি দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালে জেলার মাইনসিঙ্গাট-থাংস্কো এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে ডিনামাইট বিস্ফোরণের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় খনির একাংশ ধসে পড়ায় ভেতরে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন।
পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, খবর পাওয়ার পরেই পুলিশ ও উদ্ধারকারী দল দুর্গম ওই এলাকায় পৌঁছায়। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ১৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণ ও ধসে আটকে পড়াদের বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এক ব্যক্তিকে অতি সংকটজনক ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলংয়ে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খনির ভেতরে কয়লা উত্তোলনের জন্য ডিনামাইট ব্যবহার করা হচ্ছিল, যা অবৈধ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শ্রমিকরা পালানোর সুযোগটুকুও পাননি। মেঘালয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে এই ধরণের অবৈধ ‘র্যাট-হোল’ মাইনিং চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খনির মালিক ও এর পেছনে থাকা ব্যক্তিদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।