মৃত থেকে জীবিত! খামেনেইয়ের স্ত্রীর মৃত্যু নিয়ে ইরানের চাঞ্চল্যকর ভোলবদল

যুদ্ধবিধ্বস্ত ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড়। সপ্তাহখানেক আগে ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হামলায় আয়াতোল্লা খামেনেইয়ের স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজ়াদেহর মৃত্যুর খবর রটেছিল। এমনকি তাঁকে ‘শহিদ’ বলেও ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) আকস্মিকভাবে দাবি করল, খামেনেইয়ের স্ত্রী জীবিত আছেন। তাঁর মৃত্যুর খবর ছিল একটি ভুল তথ্য বা ভুয়ো দাবি। নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁর অবস্থান এখন গোপন রাখা হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় আয়াতোল্লা আলি খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর কথা সামনে এসেছিল। সেই সময় ইরানের নিজস্ব সংবাদমাধ্যমই জানিয়েছিল যে, গুরুতর আহত হয়ে কোমায় যাওয়ার পর খামেনেইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু হঠাৎ এই ভোলবদল আন্তর্জাতিক মহলে রহস্য তৈরি করেছে। বিশেষ করে, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের বিবৃতির পরেই এই তথ্য প্রকাশ্যে আসায়, এটি কোনো সুপরিকল্পিত ‘কূটনৈতিক চাল’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ দাবি করছে, সুপ্রিম লিডার মোজতবা কোমায় রয়েছেন ও তিনি পা হারিয়েছেন, অন্যদিকে ইরানের তরফ থেকে এসব খবরের পাল্টা বিবৃতি দেওয়া হচ্ছে। যুদ্ধের এই চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের অন্দরমহলের এই খবরগুলি ক্রমশ ধোঁয়াশা বাড়াচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy