ছত্রপতি শিবাজি মহারাজের রক্ত যার ধমনীতে, সেই বীর সন্তান সম্ভাজি মহারাজের আজ জন্মজয়ন্তী। ১৬৫৭ সালের ১৪ মে পুরন্দর দুর্গে তাঁর জন্ম। মা সইবাঈকে শৈশবেই হারান তিনি, বড় হন ঠাকুমা জিজাবাইয়ের স্নেহে। পিতার মতোই দুর্ধর্ষ যোদ্ধা এবং তুখোড় রাজনীতিক ছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে তিনটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করা সম্ভাজি লিখেছিলেন অমর গ্রন্থ ‘বুধাচরিত্রম’।
তাঁর জীবন ছিল চরম নাটকীয়তায় ভরা। সৎ মায়ের ষড়যন্ত্রে একবার কারাবরণ করতে হলেও তিনি সেখান থেকে পালিয়ে মুঘল শিবিরে আশ্রয় নেন। কিন্তু হিন্দুদের ওপর মুঘলদের নিষ্ঠুরতা দেখে আবার স্বরাজ্যে ফিরে আসেন। ১৬৮০ সালে শিবাজি মহারাজের মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন এবং মুঘল সম্রাট অওরঙ্গজেবের ঘুম কেড়ে নেন। কথিত আছে, টানা ৯ বছর অওরঙ্গজেব তাঁকে দমাতে ব্যর্থ হন। অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বন্দি হন তিনি। মুঘলরা তাঁর নখ উপড়ে ফেলে, চোখ বের করে দেয়, তবুও তিনি ধর্ম ও স্বরাজ্য ত্যাগে রাজি হননি। ১৬৮৯ সালের ১১ মার্চ ভারতের এই অকুতোভয় বীর আত্মবলিদান দেন, যা আজও প্রতিটি ভারতবাসীর রক্ত গরম করে দেয়।





