পূর্ব মেদিনীপুরের মারিশদায় তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে নারী হেনস্থার গুরুতর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি বিতর্কিত অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই ঘটনার সূত্রপাত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অডিও পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক জনরোষ সৃষ্টি হয়।
অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে আজ মারিশদায় বিশাল বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি মহিলা মোর্চা। বিক্ষুব্ধ মহিলারা ঝাঁটা এবং জুতো নিয়ে রাস্তায় নামেন। বিকাশ চন্দ্র বেজের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি তাঁকে জুতোপেটা করে নিজেদের ক্ষোভ উগরে দেন প্রতিবাদীরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বিধায়ক অরূপ কুমার দাস। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল জমানায় মহিলাদের নিরাপত্তা এবং সম্মান তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম, তবে এই ঘটনাকে কেন্দ্র করে মারিশদায় চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।