মানালিতে ঘুরতে গিয়ে চরম পরিণতি! প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের নাতির রহস্যমৃত্যু

ভ্রমণের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। হিমাচল প্রদেশের মানালিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে অকালে প্রাণ হারালেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের নাতি বীর সোরেন। মাত্র ১৯ বছর বয়সেই তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ঝাড়খণ্ডের রাজনৈতিক মহল ও সোরেন পরিবার।

পরিবার সূত্রে খবর, গত ২২ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে মানালির সিমসা এলাকায় একটি হোমস্টেতে উঠেছিলেন বীর। সোমবার সোলাং ও হামটা পাস ঘুরে ফেরার পর হঠাৎই তীব্র মাথাব্যথা শুরু হয় তাঁর। বিশ্রাম নিতে ঘরে গেলে কিছুক্ষণ পর বন্ধুরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বীরের মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মানালি পুলিশের প্রাথমিক অনুমান, উচ্চতাজনিত অসুস্থতা বা রক্তে অক্সিজেনের ঘাটতি (Hypoxemia)-র কারণেই এই মৃত্যু হতে পারে। শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দেহ হস্তান্তর করা হয়েছে। এক উদীয়মান প্রাণের এমন মর্মান্তিক বিদায় মানতে পারছেন না কেউই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy