মাত্র ৬ দিন গরমের ছুটি? পর্ষদের নয়া ক্যালেন্ডার দেখে চক্ষু চড়কগাছ শিক্ষক- অভিভাবকদের!

২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। কিন্তু সেই তালিকায় গরমের ছুটির বরাদ্দ সময় দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের শিক্ষা মহলে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে গ্রীষ্মকালীন অবকাশ দেওয়া হয়েছে মাত্র ৬ দিন— ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত।

তীব্র দাবদাহের কবলে থাকা দক্ষিণবঙ্গের জন্য এই সংক্ষিপ্ত ছুটি কি আদেও বাস্তবসম্মত? এই প্রশ্নে এখন বির্তক তুঙ্গে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী বছরে মোট ছুটির সংখ্যা ৬৫ দিনের বেশি হওয়া সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে রাজ্যে বিভিন্ন উৎসব উপলক্ষে সরকারি ছুটির সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, সেই সীমা বজায় রাখতে গিয়েই কোপ পড়েছে গরমের ছুটিতে। শিক্ষক সংগঠনগুলি এই সিদ্ধান্তকে ‘অবাস্তব’ বলে আখ্যা দিয়ে অন্তত ৮৫ দিনের ছুটির সংস্থানের দাবি জানিয়েছে। তাদের যুক্তি, মে মাসের লু এবং অসহ্য গরমে মাত্র ৬ দিন স্কুল চালানো কার্যত অসম্ভব।

তবে অভিজ্ঞ মহল মনে করছে, এই তালিকা কেবলই একটি ‘মডেল’। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ছুটির মেয়াদ বাড়িয়ে দেন। ২০২৫ সালেও নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দিন ছুটি ছিল রাজ্যে। অন্যদিকে, গরমের ছুটি কমলেও পুজোর ছুটিতে কোনো আপস করা হয়নি। ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা ২৫ দিন স্কুল বন্ধ থাকবে। এখন দেখার, প্রকৃতির রুদ্ররোষের মুখে পর্ষদ তাদের সিদ্ধান্তে অনড় থাকে নাকি পরিস্থিতির চাপে ছুটি বাড়াতে বাধ্য হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy