পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ফের চাঞ্চল্যকর দাবি করল ইরান। তেহরানের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক একটি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB) জানিয়েছে, যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ স্কোয়াড্রনের এই বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইরানি সামরিক কর্তাদের মতে, মাঝ আকাশে বিস্ফোরণের পর বিমানটি মধ্য ইরানে আছড়ে পড়েছে এবং পাইলটের মৃত্যু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি ইরানের দ্বিতীয় বড় সাফল্য বলে দাবি করা হচ্ছে। এর আগে ১৯ মার্চও ইরান একটি এফ-৩৫ বিমানকে আঘাত করার দাবি তুলেছিল, যা একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড ১৯ মার্চের ঘটনাটি স্বীকার করলেও দাবি করেছে যে বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট সুস্থ আছেন। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের প্রতিটির মূল্য প্রায় ১০০০ কোটি টাকা। ইরান ও আমেরিকার এই পাল্টাপাল্টি দাবিতে এখন বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে।





