ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে রুদ্ধশ্বাস এক সামরিক অভিযানের মাধ্যমে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধার করল আমেরিকা। গত শুক্রবার একটি এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান ভেঙে পড়ার পর থেকে ওই উচ্চপদস্থ সামরিক অফিসার শত্রু দেশের সীমান্তে আত্মগোপন করেছিলেন। রবিবার ভোরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ‘উই গট হিম’ লিখে এই অভিযানের সাফল্যের কথা ঘোষণা করেন।
ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী ইতিহাসের অন্যতম সাহসী ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অপারেশন চালিয়েছে। ওই কর্নেল কয়েকদিন ধরে শত্রু সেনাদের নজর এড়িয়ে ইরানের প্রতিকূল পাহাড়ে লুকিয়ে ছিলেন। তাঁকে উদ্ধারে ডজন ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান ও স্পেশাল ফোর্সের কমান্ডোদের মোতায়েন করা হয়েছিল। উদ্ধার হওয়া অফিসারের কিছু আঘাত থাকলেও তিনি বর্তমানে নিরাপদ। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা তার বীর যোদ্ধাদের কখনো শত্রুর হাতে ফেলে আসে না। এই উদ্ধারকাজকে ইরান-আমেরিকা উত্তেজনার আবহে পেন্টাগনের বড় জয় হিসেবে দেখা হচ্ছে।





