মহিলাদের জন্য সিন্দুক খুললেন তেজস্বী! বিহারের মা-বোনদের এককালীন ₹৩০,০০০ টাকা অনুদানের ঘোষণা

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের প্রচার শেষ হওয়ার মুখে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা এবং মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব রাজ্যের মা-বোনদের জন্য এক বিশাল আর্থিক প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, তাঁদের জোট ক্ষমতায় এলে মহিলাদের ভাণ্ডার ভরিয়ে দেবেন।

তেজস্বীর ঘোষণা অনুযায়ী, ‘মাই বহিন মান যোজনা’ (Mai Bahin Maan Yojana)-এর আওতায় বিহারের মা-বোনেরা এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তিনি বলেন, “আমরা সরকার গঠনের পর, মকর সংক্রান্তিতে (১৪ জানুয়ারি, ২০২৬) আমরা এই যোজনার আওতায় মহিলাদের অ্যাকাউন্টে পুরো এক বছরের জন্য ₹৩০,০০০ জমা করব।”

উল্লেখ্য, তেজস্বী এর আগে বিহারের প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির এবং চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা নিয়ে শাসক এনডিএ-র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

মাই বহিন মান যোজনা: নীতীশের পাল্টা: এই ‘মাই বহিন মান যোজনা’ আরজেডি এবং কংগ্রেসের যৌথ নির্বাচনী ইশতেহারের অন্যতম ফোকাস। মহিলাদের ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে তেজস্বী-শিবির। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার উদ্যোক্তা ও স্ব-কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে জমা করার একদিনের মধ্যেই তেজস্বী এই তিনগুণ বেশি অর্থের প্রতিশ্রুতি দিলেন। তেজস্বীর আত্মবিশ্বাসী উক্তি, “জনগণ পরিবর্তনের মেজাজে আছেন” – যা প্রথম দফার ভোটের ঠিক আগে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়িয়েছে।

কৃষকদের জন্য বোনাসের ঘোষণা: মহিলাদের পাশাপাশি কৃষকদের জন্যও ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। তিনি বলেন, তাঁদের সরকার ক্ষমতায় এলে ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) পাশাপাশি প্রতি কুইন্টাল ধানের ফলনের উপর ৩০০ টাকা এবং গমের উপর ৪০০ টাকা বোনাস দেওয়া হবে।

মহাগঠবন্ধনের যৌথ ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য পুরোনো পেনশন প্রকল্প (OPS) ফিরিয়ে আনা এবং স্বাস্থ্যকর্মীদের তাঁদের নিজ জেলার ৭০ কিলোমিটারের মধ্যে পোস্টিং দেওয়ার কথাও বলা হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর। আজ, মঙ্গলবারই ছিল প্রচারের শেষ দিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy