বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা। মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালাদোনায় জাতীয় সড়কের ওপর একটি বোলেরো গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে পাঁচজন মহিলা, দুইজন পুরুষ এবং মাত্র তিন বছরের এক শিশু রয়েছে। এই ঘটনায় আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের চিকমাগালুর থেকে একদল ভক্ত বোলেরো গাড়িতে চড়ে মন্ত্রালয়মে শ্রী রাঘবেন্দ্র স্বামীর দর্শনে যাচ্ছিলেন। ভোর ৩টে নাগাদ ১৬৭ নম্বর জাতীয় সড়কের ওপর বিপরীত দিক থেকে আসা একটি রেডিমিক্স লরির সঙ্গে গাড়িটির প্রচণ্ড সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ৩ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই ছোট গাড়িটিতে চালকসহ মোট ২৩ জন যাত্রী ছিলেন।
এম্মিগানুরের ডিএসপি ভার্গবী জানান, চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ভুল লেনে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলেই এই মর্মান্তিক সংঘর্ষ। আহতদের উদ্ধার করে দ্রুত এম্মিগানুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক সাতজনকে কুর্নুলে স্থানান্তরিত করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন।





