ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ফের বিজেপিকে ‘ভোট চোর’ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ধরনা মঞ্চে বিজেপি পরিকল্পিতভাবে লিফলেট বিলি করছে এবং এজেন্সি ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। ক্ষুব্ধ মমতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এদের হাতে-নাতে ধরতে হবে। এরা ভোট চোর। শশী পাঁজাকে নির্দেশ দিচ্ছি, এদের বিরুদ্ধে এফআইআর করুন। অন্যায় করলে ফোঁস করতে শিখুন।’’
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, লোক নেই বলে এজেন্সি দিয়ে কাজ চালানো হচ্ছে। এনআইএ-সহ কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, ভোট এলেই এদের সক্রিয় করা হয়।
অন্যদিকে, এদিন নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির সর্বদলীয় বৈঠক ছিল। বৈঠক শেষে রাজ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কমিশনের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, বৈঠকে কমিশনের তরফে তৃণমূলকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। চন্দ্রিমা বলেন, ‘‘আমরা ভোটার তালিকা সংশোধন, বিশেষ করে ৬৩ লক্ষ ভোটার বাদ পড়া নিয়ে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ধমক দিয়ে বলা হয় ‘ডোন্ট শাউট’ (চিৎকার করবেন না)। একজন মহিলা মন্ত্রী হিসেবে কমিশনের এমন আচরণ অত্যন্ত অপমানজনক।’’ সব মিলিয়ে, একুশের রাজনীতির আবহে কমিশন বনাম তৃণমূলের এই সংঘাত নতুন মাত্রা যোগ করল।