গণতন্ত্রের মহোৎসবের প্রস্তুতি এখন শেষ লগ্নে। আর এই গোটা নির্বাচনী প্রক্রিয়ার মেরুদণ্ড হলো ডি.সি.আর.সি (DCRC) বা ‘ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার’। ভোটকর্মীদের নিয়োগ থেকে শুরু করে ইভিএম (EVM) মেশিন বণ্টন এবং ভোটের শেষে কড়া নিরাপত্তায় ইভিএম জমা রাখা—সবকিছুর কেন্দ্রবিন্দু এই ডি.সি.আর.সি। এক নজরে দেখে নিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ও স্ট্রং রুমের তালিকা।
কলকাতা উত্তর: উত্তর কলকাতার নির্বাচনী কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী নেতাজি ইনডোর স্টেডিয়ামকে। মহকুমা সদর দফতরের (SDHQ) অধীনে এখান থেকেই উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রের যাবতীয় প্রশাসনিক কাজ এবং ভোটযন্ত্র আদান-প্রদান সম্পন্ন হবে।
দক্ষিণ কলকাতা: দক্ষিণ কলকাতার ক্ষেত্রে একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে:
বালিগঞ্জ সার্কুলার রোড: বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি চত্বরে ১টি বিধানসভার কাজ চলবে।
বেলতলা রোড ও লর্ড সিনহা রোড: বালিগঞ্জ গভঃ হাই স্কুল এবং সাখাওয়াত মেমোরিয়াল গভঃ গার্লস হাই স্কুলে একটি করে কেন্দ্রের দায়িত্ব রয়েছে।
আলিপুর ও হেস্টিংস হাউস: খিদিরপুরের সেন্ট টমাস বয়েজ স্কুলের পাশাপাশি আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্স এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সিস্টার নিবেদিতা গভঃ জেনারেল ডিগ্রি কলেজে ৩টি বিধানসভা কেন্দ্রের কাজ হবে। এছাড়াও মাল্টিপারপাস গভঃ গার্লস স্কুল এবং সংলগ্ন বি.এড কলেজেও পৃথক ডি.সি.আর.সি কেন্দ্র থাকছে।
যাদবপুর ও শহরতলি:
কলকাতার উপকণ্ঠে সবথেকে বড় কর্মযজ্ঞ চলবে যাদবপুরের এ.পি.সি রায় পলিটেকনিক কলেজে, যেখানে ৭টি বিধানসভা কেন্দ্রের ডি.সি.আর.সি ও স্ট্রং রুম করা হয়েছে। এছাড়া জোকার ব্রতাচারী বিদ্যাস্রম, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ এবং কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই এই কেন্দ্রগুলিতে এখন নিশ্ছিদ্র নিরাপত্তা এবং প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।





