ভোটের মুখে শহরে ইডির ‘মেগা রেইড’! বেহালায় কোটি কোটি টাকা উদ্ধার, কসবায় মিলল আগ্নেয়াস্ত্র

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহর কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর বড়সড় অভিযানে তোলপাড় শুরু হয়েছে। বুধবার ভোর থেকে কলকাতার একাধিক এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে বেহালা থেকে উদ্ধার হয়েছে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা। ইডি সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে হানা দিয়ে ৫০০ টাকার নোটের এই বিপুল ভাণ্ডার পাওয়া গিয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই বিশাল অর্থের উৎস কী এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা।

একই দিনে ইডির নিশানায় ছিলেন কসবার কুখ্যাত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। কসবা, বালিগঞ্জের ফার্ন রোড, পিকনিক গার্ডেন এবং কাঁকুলিয়া রোডে সোনা পাপ্পু ও তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। ইডি-র দাবি, বালিগঞ্জ, ঢাকুরিয়া ও কসবা এলাকায় প্রোমোটারদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই ১৫টি এফআইআর এবং মানি লন্ডারিং সংক্রান্ত একটি ECIR দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলা এই ম্যারাথন তল্লাশি ঘিরে ভোটের মুখে কলকাতার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy