আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নামছে শাসক দল। মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ থেকেই ঝোড়ো প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে তাঁর আগামী ৩১ মার্চ পর্যন্ত ঠাসা কর্মসূচির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির, আর সেই লক্ষ্যেই এবার খোদ দলনেত্রী নামছেন জেলা সফরে।
তৃণমূল সূত্রে খবর, ২৪ মার্চ থেকে শুরু হওয়া এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনী প্রচারের এই পর্বে বড় বড় জনসভার পাশাপাশি রোড-শো করার পরিকল্পনাও রয়েছে তাঁর। মূলত মানুষের দুয়ারে পৌঁছে সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরাই এই প্রচারের মূল উদ্দেশ্য। ৩১ মার্চ পর্যন্ত টানা জনসভা এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে কর্মীদের মনোবল চাঙ্গা করতে মরিয়া তৃণমূল নেত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বিজেপি এবং বাম-কংগ্রেস জোট প্রচারে জোর দিয়েছে। এই আবহে মমতার এই টানা কর্মসূচি দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। কোন জেলায় কবে তিনি সভা করবেন এবং জনগনের কাছে কোন বার্তা দেবেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক মহল। ৩১ মার্চের পর পরবর্তী দফার প্রচার সূচিও দ্রুত ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।