ভোটের মুখে বাংলায় নজিরবিহীন পুলিশি রদবদল! একযোগে ১০০ আধিকারিককে নির্বাচনী কাজ থেকে ছাঁটাই

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা নিশ্চিত করতে একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই তালিকায় ৮১ জন ইন্সপেক্টর এবং ১৯ জন সাব-ইন্সপেক্টর (SI) রয়েছেন। স্পষ্ট জানানো হয়েছে, এই আধিকারিকরা কোনওভাবেই ভোট সংক্রান্ত কোনও প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

এই রদবদলের আঁচ পড়েছে উত্তর থেকে দক্ষিণ—সমগ্র বাংলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বারাসত, বারাকপুর, বিধাননগর, হাওড়া এবং দুই মেদিনীপুরেও একাধিক কর্তাকে দায়িত্বমুক্ত করা হয়েছে। বিশেষত বিধাননগর ও বারাকপুর কমিশনারেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্সপেক্টরকে ‘সংবেদনশীল’ এলাকা থেকে সরানো হয়েছে। তালিকায় রয়েছেন কুণালকান্তি দাস (কোচবিহার), দেবাঞ্জন ভট্টাচার্য (বারাকপুর), সৈকত বন্দ্যোপাধ্যায় (বিধাননগর) এবং পার্থসারথী পালের (পশ্চিম মেদিনীপুর) মতো পরিচিত মুখ। প্রশাসনিক সূত্রের খবর, একই জেলায় দীর্ঘদিন কর্মরত থাকা বা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন থাকায় এই কঠোর সিদ্ধান্ত। শুক্রবার বিকেলের মধ্যেই সকলকে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy