ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। এবার জমি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার বেলা গড়াতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। সূত্রের খবর, সেখানে ইডি আধিকারিকরা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে। অভিযোগ, জমি কেনাবেচার আড়ালে বিপুল পরিমাণ কালো টাকা লেনদেন হয়েছে। সেই নথিতেই দেবাশিস কুমারের নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর কোনও ব্যবসায়িক যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের মুখে এই তলবকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়লেও, দলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।