বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশ প্রশাসন ও প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যের ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন ডিজিপি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পাচ্ছেন সিদ্ধনাথ গুপ্ত। পাশাপাশি, কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার অজয় নন্দ।
শুধু শীর্ষ পুলিশ পদই নয়, গুরুত্বপূর্ণ পদেও বড় পরিবর্তন আনা হয়েছে। ১৯৯৫ ব্যাচের আইপিএস অজয় মুকুন্দ রানাডেকে এডিজি (আইনশৃঙ্খলা) এবং ১৯৯১ ব্যাচের নটরাজন রমেশ বাবুকে নতুন ডিজি হিসেবে নিয়োগ করা হয়েছে। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অজয় নন্দ অতীতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, মাওবাদী দমন শাখা এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
অন্যদিকে, প্রশাসনিক স্তরেও ব্যাপক রদবদল হয়েছে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। নন্দিনী চক্রবর্তীর পরিবর্তে নতুন মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিওয়ালা এবং নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়েছে। তাঁদের আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। রাজ্যে এবার দুই দফায় অর্থাৎ ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশন এই বড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।