২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই তিলোত্তমার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কোমর বেঁধে নামল কলকাতা পুলিশ। নতুন নগরপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেই আইপিএস অজয় কুমার নন্দ শহরের আইনশৃঙ্খলা রক্ষায় একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছেন। তাঁর প্রধান লক্ষ্য—শহরকে ‘অস্ত্রহীন’ করা। নির্বাচনের আগে কলকাতার আনাচে-কানাচে লুকিয়ে থাকা সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র দ্রুত বাজেয়াপ্ত করার জন্য প্রতিটি থানার ওসি এবং ডিভিশনাল ডেপুটি কমিশনারদের কড়া বার্তা দিয়েছেন তিনি।
লালবাজার সূত্রে খবর, বিশেষ করে ভাঙড় ডিভিশন-সহ শহরের সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হয়েছে ঝটিকা অভিযান। নগরপাল অজয় কুমার নন্দ স্পষ্ট জানিয়েছেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না।” তাঁর এই হুঁশিয়ারির পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাত বাড়লেই শহরের প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথে শুরু হচ্ছে ‘নাকা তল্লাশি’। সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের ওপর কড়া নজর রাখছে স্পেশাল টাস্ক ফোর্স। ভোটের মুখে পেশাদার দুষ্কৃতীদের তালিকা তৈরি করে তাদের গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। শান্তিতে ভোট করানোই এখন লালবাজারের এক নম্বর চ্যালেঞ্জ।