ভোটের আগেই দুর্গের চেহারা নিচ্ছে বাংলা! ১০ মার্চ আসছে আরও ২৪০ কোম্পানি, কোন জেলায় কত জওয়ান?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ মার্চের মধ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। কমিশনের লক্ষ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো।

ইতিমধ্যেই প্রথম দফায় ১ মার্চ থেকে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি বাহিনী ১০ মার্চের মধ্যে নির্ধারিত জেলাগুলোতে পৌঁছে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন জওয়ান থাকবেন। এবারের মোতায়েনে বিশেষ জোর দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলোর ওপর।

জেলাভিত্তিক মোতায়েনের চিত্র: সবচেয়ে বেশি ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। এরপরই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে ১৬ কোম্পানি বাহিনী থাকছে। জল্পনা বাড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে ১৪ কোম্পানি বাহিনী। এছাড়া কলকাতা, মালদা এবং নদিয়ায় ১২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। উত্তরবঙ্গের আটটি জেলাতেও কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এবারের নির্বাচনে বাড়তি সর্তকতা হিসেবে জওয়ানদের গাড়িতে জিপিএস ট্র্যাকার এবং শরীরে বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরাসরি কন্ট্রোল রুম থেকে বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রুট মার্চ, এরিয়া ডমিনেশন এবং বুথ সংলগ্ন এলাকার সুরক্ষা নিশ্চিত করাই হবে এই বাহিনীর প্রাথমিক কাজ। বিরোধীদের অভিযোগ এবং গত নির্বাচনের অভিজ্ঞতাকে মাথায় রেখে এবার অনেক আগেভাগেই বাহিনীকে ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy