খড়গপুর সদরের নির্বাচনী প্রচারে বেরিয়ে একদিকে সাধারণ মানুষের ক্ষোভ আর অন্যদিকে কড়া মন্তব্যের জেরে ফের খবরের শিরোনামে দিলীপ ঘোষ। বুধবার সকালে খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে গিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা ‘SIR’ (Special Intensive Revision) ইস্যু নিয়ে চরম অস্বস্তিতে পড়েন বিজেপি প্রার্থী।
এলাকার এক বাসিন্দা সরাসরি দিলীপ ঘোষের পথ আটকে অভিযোগ করেন, তাঁর বাবা, মা এবং স্ত্রীর নাম তালিকায় থাকলেও তাঁর নিজের নাম ‘বিচারাধীন’ রেখে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। কেন তিনি ভোট দিতে পারবেন না, এই প্রশ্নের মুখে পড়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন দিলীপ। তবে তৎক্ষণাৎ ড্যামেজ কন্ট্রোলে নেমে তিনি দায় চাপান তৃণমূলের ওপর। দিলীপবাবুর দাবি, “তৃণমূলের বিএলও-রাই ইচ্ছে করে গন্ডগোল করেছে, নথিপত্র জমা দেয়নি। যাঁদের নাম নেই, তাঁদের ট্রাইব্যুনালে যেতে বলেছি।”
তবে শুধু এসআইআর নয়, এদিন মেদিনীপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়াকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “এখানে একজন ফুটফুটে সাংসদ হয়েছেন। মনোনয়নের দিন স্ট্রিট ড্যান্স দেখিয়ে গেছেন। টিভিতেই দেখা যায়, পাড়ায় আসেন না। কাদা-জল লাগলে বা রোদ লাগলে রং কালো হয়ে যাবে, তাই উনি আসেন না।” দিলীপের এই ‘রং’ নিয়ে কটাক্ষে হাসির রোল উঠলেও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব একে কুরুচিকর বলে পাল্টা আক্রমণ করেছে।





