রাজ্যের এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টে ফের সরব হলেন আইনজীবী ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী। তাঁর মূল দাবি ছিল, নতুন ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ার বিষয়টি যেন মূল মামলার সঙ্গে সংযুক্ত করা হয়। তবে এই আবেদনের প্রেক্ষিতে এখনই কোনো বিশেষ হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতির বেঞ্চ।
আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত মূল মামলাটির শুনানি রয়েছে। আদালত সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট আগে থেকেই পশ্চিমবঙ্গের বিচারবিভাগকে বিশেষ দায়িত্ব দিয়েছে। কলকাতা হাইকোর্ট বর্তমানে এই পুরো বিষয়টি তদারকি করছে। আগামীকালকের শুনানিতে প্রধান বিচারপতি দেখবেন যে, এসআইআর প্রক্রিয়াটি সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না। এছাড়া কলকাতা হাইকোর্টের কোনো বিশেষ পর্যবেক্ষণ বা কোনো অসুবিধার কথা থাকলে তা-ও শোনা হবে।
প্রসঙ্গত, আদালত আগেই নির্দেশ দিয়েছে যে এসআইআর প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম এবং নির্ভুল হতে হবে। তাই কালকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা। সেখানে সব পক্ষের বক্তব্য শোনার পরই আদালত পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।