বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের মাধ্যমে ক্ষমতাসীন নীতীশ কুমার সরকার নির্বাচনী আচরণবিধি (MCC) লঙ্ঘন করেছে বলে গুরুতর অভিযোগ তুলল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডি সাংসদ মনোজ ঝা শুক্রবার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি লিখে এই মর্মে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মনোজ ঝা তাঁর অভিযোগে বলেন, ভোট নির্ঘণ্ট ঘোষণার পর—১৭, ২৪ এবং ৩১ অক্টোবর—সরকারের তরফে মহিলাদের ১০,০০০ টাকা সরাসরি নগদ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বিস্ফোরক দাবি করেন যে, টাকা বিতরণের পরবর্তী প্রস্তাবিত তারিখ দেওয়া হয়েছে আগামী ৭ নভেম্বর, যা বিহারে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণের (১১ নভেম্বর) মাত্র চার দিন আগে!
মনোজ ঝা নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে স্পষ্ট বলেছেন, “বিহার সরকার ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র আওতায় সুবিধাভোগীদের টাকা দিয়ে আদর্শ আচরণবিধির স্পষ্ট এবং ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে।” তাঁর কথায়, ৬ অক্টোবর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এমসিসি কার্যকর হয়েছে, এবং এই পদক্ষেপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক আদেশকে অমান্য করেছে।
আরজেডি নেতার বক্তব্য, এই সময়ে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিলির ফলে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন আর্থিক সুবিধা ঘোষণা বা বিতরণ নিষিদ্ধ করার বিষয়ে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে। মনোজ ঝা কমিশনের কাছে এই অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি নির্বাচন কমিশনকে অভিযোগের লিখিত প্রাপ্তি স্বীকার এবং গৃহীত পদক্ষেপের তথ্য দেওয়ার জন্যও অনুরোধ করেছেন।
উল্লেখ্য, বিহারে NDA সরকার কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নের জন্য ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছিল, যার আওতায় মহিলারা নিজস্ব ব্যবসা শুরুর জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান পান। বিহারে ৬ ও ১১ নভেম্বর দুই ধাপে ভোটগ্রহণ হবে এবং ভোট গণনা হবে ১৪ নভেম্বর।