বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজার আগেই রাজ্যে চরমে পৌঁছাল শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশনের সংঘাত। মঙ্গলবার একদিকে যখন ধর্মতলায় এসআইআর (SIR) ইস্যুতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় কমিশনের ফুল বেঞ্চের সফর শেষে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিলত্তমার রাজনীতি এখন সরগরম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ‘বিস্ফোরক’ দাবিকে কেন্দ্র করে।
অভিষেকের ‘অ্যাকাউন্ট স্থগিত’ দাবি ও আতঙ্ক এদিন মমতার ধর্নামঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে যে ৬০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও স্থগিত (Freeze) করে দেওয়ার ছক কষছে কেন্দ্র। অভিষেকের এই মন্তব্যে সাধারণ ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক ও আলোচনার সৃষ্টি হয়। তিনি সরাসরি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।
পাল্টা জবাব জ্ঞানেশ কুমারের অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে সরাসরি নাম উল্লেখ না করলেও অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কোনও রাজনৈতিক নেতা যদি ভোটারদের ভয় দেখান বা হুমকি দেন, তবে কমিশন তা কোনওভাবেই বরদাস্ত করবে না।” তিনি আরও যোগ করেন যে, কমিশন কোনও রাজনৈতিক বক্তৃতার উত্তর দেয় না, তবে পুরো প্রক্রিয়াটি সংবিধান মেনেই সম্পন্ন হচ্ছে।
শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দুই দিনের রাজ্য সফর শেষে জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছেন যে, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। এসআইআর নিয়ে ওঠা অভিযোগগুলি কমিশন খতিয়ে দেখছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোটের সময় কোনও রাজনৈতিক দলের অনুগামীরা যদি ভোটারদের ওপর চাপ সৃষ্টি করে, তবে কমিশন কঠোরতম ব্যবস্থা নেবে।” কোনোভাবেই পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।