ভারতে বিদেশিদের জন্য কড়া নিয়ম! ১৮০ দিনের বেশি থাকলেই লাগবে নতুন রেজিস্ট্রেশন? বদল ইমিগ্রেশন আইনে

ভারতে দীর্ঘমেয়াদে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন বা অভিবাসন সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ সংশোধনের মাধ্যমে ভিসা ও নিবন্ধনের সময়সীমা এবং প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দেশের অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তথ্যভাণ্ডারকে সুশৃঙ্খল করা।

নিবন্ধনের নিয়মে বড় পরিবর্তন:
সরকারি গেজেটে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদী ভিসা নিয়ে ভারতে এসেছেন, কিন্তু পরবর্তীকালে তাঁরা নির্ধারিত সময়ের বেশি থাকতে চান, তাঁদের জন্য নিয়ম কঠিন করা হয়েছে। আগে নিয়ম ছিল যে, ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে বিদেশিরা নিবন্ধনের সুযোগ পেতেন। নতুন সংশোধিত বিধিতে সেই বাড়তি ১৪ দিনের সুবিধা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হতে চাইলে, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যারা ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা নিয়ে এসেছেন, কিন্তু ভিসার শর্তে ‘একটানা ১৮০ দিনের বেশি অবস্থান করা যাবে না’ এমন নিষেধাজ্ঞা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, একবারে বা ক্যালেন্ডার বছরে মোট অবস্থানের সময়সীমা ১৮০ দিনের বেশি করতে চাইলে আগাম নিবন্ধন প্রয়োজন। জরুরি বা বিশেষ পরিস্থিতি ছাড়া নির্ধারিত সময়ের পরে নিবন্ধনের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

বিদেশি বাবা-মায়ের সন্তানদের জন্য স্বস্তি:
নতুন নিয়মে বিদেশি বাবা-মায়ের ভারতে জন্মগ্রহণকারী সন্তানদের ক্ষেত্রে বড় স্বস্তি দেওয়া হয়েছে। আগে বিদেশি দম্পতির সন্তান ভারতে জন্মালে, জন্মের ৩০ দিনের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন অফিসারকে তা জানানো বাধ্যতামূলক ছিল। নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, যদি শিশুটির বাবা বা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হন এবং তাঁরা সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন, তবে সেই আগের বাধ্যবাধকতা আর প্রযোজ্য হবে না। তবে শিশুটি পরবর্তীকালে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, সেই নথি পাওয়ার ৩০ দিনের মধ্যে বাবা-মাকে সংশ্লিষ্ট অফিসারকে বিষয়টি জানাতে হবে।

হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশিকা:
শুধুমাত্র ব্যক্তিগত নিবন্ধনই নয়, বিদেশিদের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতাল, নার্সিংহোম এবং আবাসন সুবিধা দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য রিপোর্টিং ও প্রশাসনিক প্রক্রিয়ায় ব্যাপক সংশোধন আনা হয়েছে। চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এখন বিদেশিদের আগমণ ও অবস্থানের তথ্য আরও সুনির্দিষ্টভাবে সরকারি পোর্টালে জমা দিতে হবে।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে প্রশাসনিক স্তরে স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং বিদেশিদের অবস্থানের ওপর কড়া নজরদারি বজায় রাখতে এই নতুন সংশোধিত বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট মহলের মতে, ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন এড়াতে এখন থেকে বিদেশি নাগরিকদের আরও বেশি সতর্ক থাকতে হবে। নিয়ম না মানলে তা সংশ্লিষ্ট বিদেশিদের জন্য আইনি জটিলতার কারণ হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy