বিশ্বজুড়ে জনপ্রিয়তার পর এবার ভারতের পেমেন্ট বাজারে ঝড় তুলতে প্রস্তুত অ্যাপল। দীর্ঘ কয়েক বছরের জল্পনা ও আলোচনার পর অবশেষে ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ ভারতে তাদের নিজস্ব অনলাইন পেমেন্ট সার্ভিস ‘অ্যাপল পে’ (Apple Pay) চালু করতে চলেছে কুুপারতিনোর এই সংস্থাটি। এই লক্ষ্যপূরণে ইতিমধ্যেই ভারতের তিনটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক— ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্ক-এর সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে অ্যাপল।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, অ্যাপল পে শুরুতে কার্ড-বেসড কনট্যাক্টলেস পেমেন্ট বা ‘ট্যাপ অ্যান্ড পে’ (Tap & Pay) পরিষেবার ওপর জোর দেবে। এর মাধ্যমে আইফোন ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা সরাসরি তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাপল ওয়ালেটে যোগ করে দোকান বা মলে পেমেন্ট করতে পারবেন। শুধু তাই নয়, ভারতের বাজারের বিশালতা মাথায় রেখে অ্যাপল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সঙ্গেও যোগাযোগ রাখছে যাতে ভবিষ্যতে এই পরিষেবার সঙ্গে UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসকেও যুক্ত করা যায়।
কেন দেরি হলো অ্যাপল পে আসতে? আসলে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর কড়া ডেটা লোকালাইজেশন নিয়ম এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণেই এত সময় লাগল। তবে সাম্প্রতিক নীতি পরিবর্তন এবং অ্যাপলের ক্রমবর্ধমান ভারতীয় বাজারের চাহিদাই এই পরিষেবাকে সবুজ সংকেত দিচ্ছে। আইফোন ব্যবহারকারীরা ফেস আইডি (Face ID) বা টাচ আইডি (Touch ID) ব্যবহার করেই এক নিমেষে সুরক্ষিতভাবে লেনদেন সারতে পারবেন।
ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে বর্তমানে Google Pay, PhonePe এবং Paytm-এর একচ্ছত্র আধিপত্য রয়েছে। কিন্তু অ্যাপলের এই এন্ট্রি প্রিমিয়াম স্মার্টফোন গ্রাহকদের মধ্যে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ২০২৬-এর জুন বা জুলাই মাসের মধ্যেই ভারতীয় আইফোন ব্যবহারকারীরা এই বিশ্বমানের পেমেন্ট ফিচারের স্বাদ পেতে পারেন।