ভাঙড়ের রাজনীতিতে আজ এক মহা-বিস্ফোরণ ঘটল। দীর্ঘদিনের মান-অভিমান এবং জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এ যোগ দিলেন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। সোমবার তৃণমূল ছেড়েছিলেন, আর বৃহস্পতিবার ফুরফুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলবদল সারলেন তিনি। তবে সবথেকে বড় প্রশ্ন এখন একটাই—ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের শওকত মোল্লার বিরুদ্ধে কি এবার আইএসএফ-এর বাজি খোদ আরাবুল?
দলবদলের পর তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আরাবুল। তিনি বলেন, “যে দলকে সারাজীবন সময় দিলাম, তারা আমাকে গুরুত্ব দেয়নি। আমার সাথে ভালো ব্যবহার করা হয়নি। ভাঙড় তো বটেই, আমার দলত্যাগের প্রভাবে ক্যানিং পর্যন্ত তৃণমূল নড়েচড়ে বসেছে।” দলবদলের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এখন থেকে তিনি নওশাদ সিদ্দিকীর নির্দেশেই চলবেন। তবে ভাঙড়ে প্রার্থী হওয়া নিয়ে সরাসরি মুখ না খুললেও জল্পনা জিইয়ে রেখেছেন দুজনেই।
নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, আরাবুল আসায় দল শক্তিশালী হয়েছে। তবে তিনি কোথায় দাঁড়াবেন তা এখনই খোলসা করতে চাননি আইএসএফ বিধায়ক। রাজনৈতিক মহলের মতে, গত বিধানসভা নির্বাচনে আরাবুলের উপস্থিতিতেই ভাঙড় হাতছাড়া হয়েছিল তৃণমূলের। এবার সেই দাপুটে নেতাকেই পাশে নিয়ে শওকত মোল্লার দুর্গে থাবা বসাতে চাইছেন নওশাদ। ভাঙড়ের মাটিতে ‘শওকত বনাম আরাবুল’ লড়াই হলে তা ২০২৬-এর নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ দ্বৈরথ হতে চলেছে, তা বলাই বাহুল্য।