ভয়ঙ্কর! মায়ের পাশেই ঘুমিয়ে ছিল দু বছরের শিশুকন্যা, টেনে নিয়ে গেল নেকড়ে! যোগী আদিত্যনাথের নির্দেশে জারি হলো ‘শ্যুট অ্যাট সাইট’

উত্তর প্রদেশের বাহরাইচে এক ভয়ঙ্কর ঘটনায় দুই বছরের এক শিশুকন্যাকে মায়ের পাশ থেকে টেনে নিয়ে গেল একটি হিংস্র প্রাণী। স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের প্রাথমিক অনুমান, জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি নেকড়ে এই হামলা চালিয়েছে। রবিবার বাহরাইচের কান্দৌলি গ্রামের কাইজারগঞ্জে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

বন দফতর জানিয়েছে, স্থানীয় বাসিন্দা রাকেশ যাদবের স্ত্রী তাঁর মেয়েকে নিয়ে বাড়ির উঠোনে খাটের ওপর ঘুমিয়েছিলেন। ভোর পাঁচটা নাগাদ বন্যপ্রাণীটি শিশুটিকে তুলে নিয়ে যায়। মেয়ের কান্না শুনে মায়ের ঘুম ভাঙলেও তিনি আর শিশুকন্যাকে খুঁজে পাননি।

এই ঘটনার পরই চারদিকে জোরদার তল্লাশি শুরু হয়। বনকর্মীরা শিশুকন্যার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি ক্ষেতের ভিতর থেকে রক্তের দাগ এবং মাংসের টুকরো উদ্ধার করেন। ডিএফও রাম সিং যাদব পিটিআইকে জানিয়েছেন, আশেপাশের এলাকায় বন্য জন্তুর পায়ের ছাপ মিলেছে এবং প্রাথমিকভাবে এটিকে নেকড়ের হামলা বলেই মনে করা হচ্ছে। তল্লাশির জন্য ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।

নেকড়ে নিধনের নির্দেশ দিলেন যোগী:

এই ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে নেকড়ে যাতে লোকালয়ে ঢুকে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, যদি নেকড়েগুলিকে ধরা না যায়, তাহলে যেন সেগুলিকে হত্যা (শ্যুট অ্যাট সাইট) করা হয়।

প্রসঙ্গত, বাহরাইচ জেলায় নেকড়ের উপদ্রব নতুন নয়। গত ৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে কাইজারগঞ্জ ও মেহসির বিভিন্ন গ্রামে নেকড়ের হামলায় চার শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছিল এবং ২৯ জন আহত হয়েছিলেন। যদিও বন দফতর ১৬ অক্টোবর জানিয়েছিল, হামলা চালানো নেকড়ের দলের চারটি সদস্যের মধ্যে তিনটিকে গুলি করে হত্যা করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy