২০২৬-এর বঙ্গ নির্বাচনের রণক্ষেত্রে এবার এক অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইতে খোদ কলকাতার রাজপথে নামছেন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ এবং তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬ এবং ২৭শে এপ্রিল কলকাতার হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে মমতার সমর্থনে মেগা রোড-শো ও জনসভা করবেন তিনি। জাতীয় রাজনীতিতে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A) জোটের দুই হেভিওয়েট মুখকে একই মঞ্চে দেখতে পাওয়ার অপেক্ষায় এখন গোটা দেশ।
বৃহস্পতিবার প্রথম দফার ভোটের ঠিক আগেই মমতার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন কেজরিওয়াল। পরে সমাজমাধ্যমে তিনি লেখেন, “মমতাদিদি একটি অত্যন্ত কঠিন লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করেও মোদীজি এই লড়াইয়ে হারবেন।” এই বার্তার পরই স্পষ্ট হয়ে যায় যে, স্রেফ মৌখিক সমর্থন নয়, নির্বাচনী ময়দানে দিদির ‘ভাই’ হয়েই অবতীর্ণ হচ্ছেন কেজরিওয়াল।
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রে এবার লড়াই এক্কেবারে সেয়ানে সেয়ানে। তৃণমূল সুপ্রিমোর বিপরীতে লড়ছেন বিজেপির হেভিওয়েট নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৯শে এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ। তার ঠিক আগেই কেজরিওয়ালের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কলকাতার অবাঙালি এবং শিখ ভোটারদের কাছে কেজরিওয়ালের গ্রহণযোগ্যতা তৃণমূলের পালে বাড়তি হাওয়া জোগাতে পারে। একদিকে প্রধানমন্ত্রীর ‘গঙ্গাবিহার’ আর অন্যদিকে মমতা-কেজরিওয়ালের এই সংহতি—সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে তিলোত্তমার পারদ এখন তুঙ্গে।





