২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই দক্ষিণ কলকাতার ভবানীপুর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিজেপির দেওয়া নতুন স্লোগান— ‘ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে’—রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। এই স্লোগান ঘিরেই এখন প্রশ্ন উঠছে, তবে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই তলে তলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরছে বিজেপি?
বিজেপি সূত্রের খবর, ২০২১ সালে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর এবার তাঁরই ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় গেরুয়া শিবির। দলের একাংশের মতে, ভবানীপুরে জয়ী হওয়া মানেই হবে রাজ্যের প্রশাসনিক পরিবর্তনের চূড়ান্ত সংকেত। যদিও দলগতভাবে শুভেন্দুকে এখনই সরাসরি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়নি, তবে তাঁর আক্রমণাত্মক প্রচার এবং নেতৃত্বের ধরণ কর্মীদের মধ্যে সেই বার্তাই দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরের লড়াই এবার কেবল একটি আসনের নয়, বরং নবান্নের দখলের লড়াইয়ে পরিণত হয়েছে।





