লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর নাগরিকত্ব ও সাংসদ পদ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী অশোক পান্ডে এবং দন্ত চিকিৎসক রাজনেশ কুমার সিংহের দায়ের করা এই আবেদনে দাবি করা হয়েছে, রাহুল গাঁধী ব্রিটেনের নাগরিক, তাই তিনি ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের সাংসদ হওয়ার অযোগ্য।
আবেদনকারীদের অভিযোগ, ২০০৩ সালে ব্রিটেনে নথিভুক্ত ‘M/S Backops Limited’ সংস্থার ডিরেক্টর ও শেয়ারহোল্ডার হিসেবে রাহুলের নাম রয়েছে। তাঁদের দাবি, ব্রিটেনের সরকারি নথিতে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন, যা ভারতীয় সংবিধান ও নাগরিকত্ব আইনের ৯ নং অনুচ্ছেদের পরিপন্থী। আবেদনকারীদের যুক্তি, কোনো ভারতীয় নাগরিক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবেই ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যায়। সুতরাং, রায়বরেলীর সাংসদ হিসেবে রাহুলের পদে থাকার কোনো বৈধ অধিকার নেই।
উল্লেখ্য, এই নাগরিকত্ব ইস্যু নতুন নয়। ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালেও সুব্রহ্মণ্যম স্বামী ও অন্যান্যরা একই অভিযোগ তুলেছিলেন। তৎকালীন সময়ে আদালত জানিয়েছিল, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। তবে এবারের এই আইনি পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বিচারপতি শেখর সরাফ এবং বিচারপতি অবধেশ কুমার চৌধরির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।





