আগামী ১৪ মার্চ ব্রিগেডের হাই-ভোল্টেজ জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে এই সভা ঘিরে সাজ সাজ রব বঙ্গ বিজেপির অন্দরে। তবে বুধবার আচমকাই ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভামঞ্চ খুলে ফেলা নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যায়, মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি (SPG) মঞ্চ খুলে ফের মাটি পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সভামঞ্চের তদারকিতে থাকা বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি হেসে জানান, মঞ্চ খোলার খবরটি সঠিক নয়। কারণ, এখনও মূল মঞ্চ তৈরিই হয়নি। রাজুবাবুর কথায়, “যে কাঠামোটি দেখা যাচ্ছে, সেটি আসল মঞ্চ নয়। প্রধানমন্ত্রীর সভার আগে এসপিজি এসে জায়গাটি খতিয়ে দেখে এবং নিরাপত্তার ছাড়পত্র দেয়। তাদের দেওয়া নির্দিষ্ট মাপজোক অনুযায়ী আসল মঞ্চ তৈরি করা হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।” বর্তমানে কিছু অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হলেও এসপিজির চূড়ান্ত অনুমোদনের পরেই মাত্র তিন দিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় মূল মঞ্চের কাজ শেষ করা হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির।