আরজি কর কাণ্ড এবং মৃত চিকিৎসকের (অভয়া) মা-বাবার অবস্থান নিয়ে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ১৯ মার্চ বিকেলে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্মরণ করিয়ে দিলেন সেই উত্তাল দিনগুলোর কথা, যখন গোটা রাজ্য ‘জাস্টিস ফর অভয়া’ দাবিতে রাস্তায় নেমেছিল। সেলিম এদিন বিশেষ করে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রার দিনের একটি ঘটনা।
সেলিম বলেন, “যেদিন বুদ্ধদার (বুদ্ধদেব ভট্টাচার্য) দেহ নিয়ে শেষযাত্রা বের হয়েছিল, সেদিন মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তরা শোকযাত্রা ছেড়ে মাঝপথে কেন বেরিয়ে গিয়েছিলেন? কারণ তাঁরা খবর পেয়েছিলেন আরজি করের নির্যাতিতার দেহ লোপাট করার চেষ্টা হচ্ছে। তাঁরা বুদ্ধদার মরদেহের পাশ থেকে সরে গিয়ে সেই গাড়ি আটকেছিলেন যাতে প্রমাণ নষ্ট না হয়।” সেলিমের এই মন্তব্যে স্পষ্ট যে, বামেরা শুরু থেকেই এই লড়াইকে আবেগের বদলে কর্তব্যের জায়গা থেকে দেখেছিল।
অভয়ার মা-বাবার বর্তমান অবস্থান এবং তাঁদের ওপর হওয়া বিভিন্ন মহলের আক্রমণ নিয়ে সেলিম বলেন, “সন্তানহারা মা-বাবা যখন বিচার চান, তখন তাঁদের রাজনৈতিক রঙ দিয়ে বিচার করা অপরাধ। তাঁরা আজও লড়ছেন এবং আমরা তাঁদের পাশে আছি।” উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বামেরা মীনাক্ষী ও কলতানদের মতো আরজি কর আন্দোলনের মুখদের প্রার্থী করেছে। সেলিমের এই বয়ান সেই আন্দোলনের যৌক্তিকতা এবং পুলিশের ভূমিকা নিয়ে শাসকদলকে ফের কাঠগড়ায় দাঁড় করাল।