২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে কথার লড়াই এবার সপ্তমে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বুকের পাটা থাকলে করে দেখাক’—এই সরাসরি চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী এদিন মেজাজ হারিয়ে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ করে জানান, শাসকের দিন ঘনিয়ে এসেছে এবং কোনো রকম ‘হুমকি’ দিয়ে বিজেপিকে রোখা যাবে না।
ঘটনার সূত্রপাত হয় দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি দাবি করেছিলেন যে শশী পাঁজা বা ববি হাকিমের বাড়ির মতো পরিস্থিতি কালীঘাটেও হতে পারে। এর প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিলীপকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, “বুকের পাটা থাকলে কালীঘাটে আয়, আমি বসে থাকব।” আজ সেই প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষ পাল্টা তোপ দেগে বলেন, “কার কতটা বুকের পাটা তা ভোটবাক্সেই প্রমাণ হবে। পুলিশ আর চটি চাটা গুন্ডাদের সরিয়ে একবার ময়দানে নামুন, দেখবেন মানুষ কীভাবে আপনাদের গ্যারেজ করে।”
দিলীপ ঘোষ আরও দাবি করেন যে, তৃণমূল এখন হারের ভয়ে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি বলেন, “মমতা দিদিমণি যখনই দেখেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তখনই তিনি নিজেকে ভিকটিম সাজিয়ে কান্নাকাটি শুরু করেন। কিন্তু এবার আর বাংলার মানুষ এই ভাঁওতাবাজিতে ভুলবে না।” তাঁর সাফ কথা, এবার পরিবর্তন অনিবার্য এবং বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভোটের মুখে দুই হেভিওয়েটের এই বাক্যবাণে আপাতত সরগরম বঙ্গ রাজনীতি।