বিহারের রাজনীতিতে কি বড়সড় পালাবদলের বাদ্যি বেজে গেল? মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেডিইউ-র প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং-এর এক সঙ্গে দিল্লি যাত্রা সেই জল্পনায় ঘৃতাহুতি দিল। সূত্রের খবর, মাঝ আকাশেই নাকি ঠিক হয়ে গিয়েছে বিহারের পরবর্তী রাজনৈতিক রূপরেখা।
একই বিমানে শাহ-লালন: কাকতালীয় না কি পরিকল্পনা? বৃহস্পতিবার সকালেই দিল্লি উড়ে গিয়েছেন নীতীশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং জেডিইউ-র ‘চাণক্য’ বলে পরিচিত লালন সিং। তাৎপর্যপূর্ণভাবে, সেই একই ফ্লাইটে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের দাবি, মাঝ আকাশে দীর্ঘ সময় ধরে তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বিহারে নতুন সরকার গঠন এবং নীতীশ কুমারের পরবর্তী ভূমিকা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।
কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী? নীতীশ কুমারের উত্তরসূরি হিসেবে বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। একদিকে যেমন জেডিইউ-র অন্দরেই নতুন মুখের সন্ধান চলছে, তেমনই এনডিএ জোটের শরিক হিসেবে বিজেপির কোনো হেভিওয়েট নেতাকে মুখ্যমন্ত্রী করার দাবিও উঠছে কোনো কোনো মহলে। তবে লালন সিং-এর দিল্লি যাত্রার নেপথ্যে নীতীশের কোনো বিশেষ বার্তাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিহারের মসনদে রদবদল এখন স্রেফ সময়ের অপেক্ষা কি না, তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা।