বিশ্ব বাজারে ভারতীয় বাসমতি চালের জয়জয়কার। এবার আমেরিকার বাজারে বিপুল পরিমাণ বাসমতি চাল রফতানির পথে এক বড় সাফল্য পেল ভারত। ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশন (IREF)-এর এক সদস্য সম্প্রতি আমেরিকার এক শীর্ষস্থানীয় ক্রেতার সঙ্গে ৫ হাজার টন বাসমতি চাল সরবরাহের একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন। ভারত ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পরেই এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নয়া বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। এর ফলে আমেরিকার বাজারে ভারতীয় বাসমতি চালের প্রতিযোগিতামূলক ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছে। আগে উচ্চ শুল্কের কারণে পাকিস্তান বা থাইল্যান্ডের মতো দেশগুলো সুবিধে পেলেও, এখন ভারত সেই বাজারে থাবা বসাতে শুরু করেছে।
ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশন (IREF) জানিয়েছে, এই চুক্তি ভারতের চাল রফতানি বাণিজ্যে নতুন জোয়ার আনবে। বাসমতি চালের জন্য ভারত বরাবরই বিখ্যাত, এবং আমেরিকার বাজারে এই বিপুল পরিমাণ রফতানি কেবল বৈদেশিক মুদ্রাই আনবে না, বরং ভারতীয় কৃষকদের পকেটেও লক্ষ্মী আনবে। আগামী দিনে এই পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী রফতানিকারীরা। গুণগত মান বজায় রেখে এই বিশাল বরাত সময়মতো পৌঁছে দেওয়াই এখন ভারতীয় রফতানিকারীদের প্রধান লক্ষ্য।