রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামলেও, এখনও ভারতে আটকে রয়েছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর ক্রিকেটাররা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আকাশসীমার বিধিনিষেধ এবং একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় তৈরি হয়েছে এই অচলাবস্থা।
আইসিসি এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ থাকায় এবং বিমান চলাচলে বিশৃঙ্খলার ফলে ক্রিকেটারদের দেশে ফেরা সম্ভব হচ্ছে না। আইসিসি এই অনভিপ্রেত বিলম্বের জন্য ক্ষমা চেয়ে জানিয়েছে যে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা ক্রমাগত বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দল বুধবার রাতে এবং ওয়েস্ট ইন্ডিজের অবশিষ্ট ১৬ জন ক্রিকেটার আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফেরার বিমান পাবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই শাস্তির মুখে পড়তে হলো অর্শদীপ সিংকে। আমেদাবাদে ফাইনাল ম্যাচে আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৯ ধারা ভঙ্গের দায়ে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১তম ওভারে ড্যারিল মিচেলের দিকে উদ্দেশ্যহীনভাবে বল ছোঁড়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। যদিও অর্শদীপ ম্যাচ শেষেই মিচেলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং জানিয়েছেন যে এটি অনিচ্ছাকৃত ভুল ছিল।