বিরাট নিয়োগের আগে বড় সিদ্ধান্ত! গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদন শুরুর দিনেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করবে এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং কর্মী নিয়োগ নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করল। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল তালিকা প্রকাশিত হতে চলেছে। অন্যদিকে, নবম ও দশম শ্রেণির নিয়োগ তালিকা প্রকাশ পাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

তবে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো—আজ, ৩ নভেম্বর, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই কমিশন ‘অযোগ্য শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা’ প্রকাশ করতে চলেছে।

অযোগ্যদের প্রবেশে নিষেধাজ্ঞা:

এসএসসি-র বিজ্ঞপ্তি অনুসারে, আজ থেকে শুরু হওয়া গ্রুপ সি-তে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-তে ৫,৪৮৮টি শূন্যপদে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও অযোগ্য প্রার্থী অংশ নিতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। শীর্ষ আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছিল যে, বাতিল হওয়া অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই এসএসসি এই তালিকা প্রকাশ করছে বলে জানা গেছে। তালিকা প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আবেদন বাতিল করা সহজ হবে। এই তালিকায় কত জনের নাম থাকে, তা নিয়ে চলছে তীব্র জল্পনা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy