আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর সেই অনুশীলনেই দেখা গেল এক রুদ্ধশ্বাস দৃশ্য। নেটে ব্যাটিং করার সময় দলেরই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের একটি তীক্ষ্ণ ইয়র্কার সামলাতে পারলেন না বিরাট কোহলি। বলটি বিরাটের পায়ের ফাঁক দিয়ে গিয়ে সরাসরি স্টাম্পে আঘাত করে।
২০২৫ সালে আরসিবি-র প্রথম আইপিএল খেতাব জয়ের নেপথ্যে ভুবনেশ্বরের নিয়ন্ত্রিত বোলিং বড় ভূমিকা নিয়েছিল। এবারও যে তিনি পুরনো ছন্দে ফিরছেন, নেটে কোহলির উইকেট ছিটকে দিয়ে সেই বার্তাই দিলেন ভুবি। ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়র্কারটি এতটাই নিখুঁত ছিল যে বিরাট ব্যাট নামানোর সুযোগই পাননি। স্টাম্প ছিটকে যাওয়ার পর খোদ কোহলিকেও ভুবনেশ্বরের দক্ষতার প্রশংসা করতে দেখা যায়।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভুবনেশ্বর কুমার তাঁর পুরনো সুইং এবং ইয়র্কারের ধার ফিরে পেয়েছেন। জশ হ্যাজলউড প্রথম কয়েকটি ম্যাচে না থাকায়, ভুবনেশ্বরের এই ফর্ম আরসিবি-র জন্য স্বস্তির খবর। আগামী ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে বেঙ্গালুরু। তার আগে ভুবনেশ্বরের এই ‘খুনে’ মেজাজ প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য বড় সতর্কতা সংকেত।