উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় যোগ দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের (SIR) পর বহু মানুষের নাম বাদ যাওয়া নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। লকেট বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে হিন্দু ও মুসলমান উভয়ই রয়েছেন। যাঁরা সঠিক নথি বা কাগজ জমা দিতে পারেননি, নিয়ম অনুযায়ী তাঁদের নামই কাটা গিয়েছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে জড়িয়ে যারা এই বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা সাধারণ মানুষকে ভুল বার্তা দিচ্ছে। লকেট স্পষ্ট করে দেন যে, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি জোগাড় করতে না পারার দায় একান্তই সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিরোধীরা রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপিকে দায়ী করলেও, নেত্রীর দাবি—নথিহীন ভোটারদের বাদ পড়ার ঘটনায় দলের কোনও ভূমিকা নেই।