পাকিস্তানের রক্তক্ষয়ী অস্থিরতার মাঝে নয়া মোড়! বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (BLA) দাবি করেছে যে, তাদের হাতে বর্তমানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাতজন সদস্য বন্দি রয়েছে। সংগঠনটির মিডিয়া শাখা ‘হাক্কাল’-এর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে পাকিস্তান সরকারকে সাত দিনের কড়া সময়সীমা দেওয়া হয়েছে। BLA-এর সাফ হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে বন্দি বিনিময়ে রাজি না হলে আটক জওয়ানদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।
সংগঠনটি জানিয়েছে, ‘অপারেশন হেরোফ’-এর দ্বিতীয় পর্যায়ে মোট ১৭ জন জওয়ানকে তারা আটক করেছিল। তবে তাদের মধ্যে ১০ জন জাতিগত বালোচ এবং স্থানীয় পুলিশ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজন নিয়মিত সেনাবাহিনীর সদস্য, যাদের বিরুদ্ধে বালোচ জনগোষ্ঠীর ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছে বিদ্রোহীরা। প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে, হাতে আর মাত্র ৬ দিন সময় রয়েছে। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে বালোচ বন্দিদের মুক্তির বিনিময়ে এই জওয়ানদের ফিরিয়ে নেয় কি না, এখন সেটাই দেখার।