লন্ডনের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলাম ঘিরে সোশ্যাল মিডিয়ায় চরম বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কিত পাক স্পিনার আব্রার আহমেদকে ২ কোটি ৩৪ লক্ষ টাকায় দলে নিয়েছে সানরাইজার্স লিডস, যা আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদেরই একটি দল। ২০০৮ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকায়, ভারতের মালিকানাধীন কোনো দল একজন পাকিস্তানি ক্রিকেটারকে কেন কিনল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
এই বিতর্ক এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, সানরাইজার্স লিডসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সমালোচকদের দাবি, শুবমান গিলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে করা আব্রারের বিতর্কিত অঙ্গভঙ্গি ও দুই দেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনার আবহে এমন সিদ্ধান্ত একেবারেই অগ্রহণযোগ্য। অনেকে ফ্র্যাঞ্চাইজিটির ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন।
উল্লেখ্য, ‘দ্য হান্ড্রেড’-এর আটটি দলের মধ্যে চারটি দলের মালিকানা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হাতে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল, খেলোয়াড় বাছাইয়ে দক্ষতাকেই যেন একমাত্র মানদণ্ড ধরা হয়। সেই নির্দেশ মেনেই নিলামের তালিকায় ১৩ জন পাকিস্তানি খেলোয়াড়কে রাখা হয়েছিল। এর আগে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে কেকেআর-এর অবস্থান এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বয়কট প্রসঙ্গ নিয়ে ক্রিকেট বিশ্বে বিস্তর বিতর্ক হয়েছে। এবার আব্রার আহমেদকে ঘিরে তৈরি হওয়া এই নতুন বিতর্ক ক্রিকেট ও ভূ-রাজনীতির সংঘাতকে ফের একবার উসকে দিল। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।