বাজেট ভুলে খিলখিলিয়ে হাসি! সংসদে জুন মালিয়া ও সৌগত রায়ের কাণ্ড দেখে ছিছিক্কার নেটপাড়ায়

সংসদের অন্দরে যখন দেশের বাজেট নিয়ে গুরুগম্ভীর আলোচনা চলছে, ঠিক তখনই ‘ব্যাকবেঞ্চারদের’ মতো গল্পে মাতলেন তৃণমূলের দুই তারকা সাংসদ সৌগত রায় ও জুন মালিয়া। মঙ্গলবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই খোশমেজাজের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

গত ১২ ফেব্রুয়ারি সংসদের অধিবেশনে যখন আজাদ সমাজবাদী পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ বক্তব্য রাখছিলেন, ঠিক তাঁর পেছনের বেঞ্চেই বসে হাসাহাসি করতে দেখা যায় বর্ষীয়ান সৌগত রায় ও জুন মালিয়াকে। কখনও গালে হাত দিয়ে অবাক ভঙ্গিমায়, আবার কখনও একে অপরের কানে ফিসফিস করে কিছু বলে হাসিতে ফেটে পড়ছেন তাঁরা। এই দৃশ্য ভাইরাল হতেই নেটপাড়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে।

বিষয়টি নিয়ে জুন মালিয়া মুখ না খুললেও, সৌগত রায় সাফাই দিয়ে জানিয়েছেন, ৫৫০ জন সাংসদের মধ্যে অনেকেই এমন গল্প করেন এবং তিনি নিজের দলের সহকর্মীর সঙ্গেই কথা বলছিলেন। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “গল্প করার জন্য তো ক্যান্টিন আছে, সংসদের ভেতর কেন?” যদিও সেই কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy