২০২২ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন, “আমি বাংলাকে ভালোবাসি।” আজ ৩ বছর ৪ মাস পর আচমকা রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে বাংলা ছাড়ার সময়ও সেই টানেই ভাসলেন সিভি আনন্দ বোস। যাওয়ার আগে রাজ্যবাসীকে একটি অত্যন্ত আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি, যেখানে পরতে পরতে ধরা পড়েছে তাঁর হৃদয়ের গভীর অনুভূতি।
চিঠির শুরুতেই রাজ্যবাসীকে ‘প্রিয় ভাই ও বোন’ বলে সম্বোধন করে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। বোস লিখেছেন, “রাজ্যপাল হিসেবে আমার অধ্যায় শেষ হলেও, এই রাজ্যের সঙ্গে সম্পর্ক কখনও শেষ হবে না। পশ্চিমবঙ্গ এখন আমার দ্বিতীয় বাড়ি।” চিঠিতে মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি টেনে তিনি বলেন, “গান্ধীজি বলেছিলেন, আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় যেতে দেবে না। আমার অনুভূতিও আজ ঠিক তেমন।”
নিজের জেলা সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের ঘরে বসে খাওয়া বা ছাত্রছাত্রীদের সঙ্গে কাটানো সময়গুলো তাঁর কাছে অমূল্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রমজীবী মানুষের জয়গানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলার সংস্কৃতি ও মূল্যবোধই এই রাজ্যের আসল পরিচয়। চিঠির শেষে রাজ্যবাসীর সমৃদ্ধি কামনা করে তিনি প্রার্থনা জানিয়েছেন— ‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।’