“বাংলাকে হিংসে করে কেন্দ্র!” মোদি সরকারকে তুলোধোনা মমতার, ফাঁস করলেন ‘গভীর চক্রান্ত’

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আজ কালীঘাটে তৃণমূলের ‘১০টি প্রতিজ্ঞা’ সম্বলিত ইশতেহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহার প্রকাশের প্রাক্কালে তিনি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানান। মমতার স্পষ্ট অভিযোগ, “কেন্দ্রীয় সরকার শুধু বাংলাকে টার্গেট করছে। ওরা বাংলাকে প্রচণ্ড হিংসে (Jealous) করে। তাই সমস্ত আইনকে বেলাইন করে দিয়ে এখানে এক অঘোষিত রাষ্ট্রপতি শাসন চালানো হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল নির্বাচন কমিশনও। একের পর এক উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিজেপি জানে তারা ভোটে জিততে পারবে না, তাই পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে, টাকা আর অস্ত্রের জোরে বাংলা দখলের গভীর চক্রান্ত চলছে।” তিনি দাবি করেন, মোদি সরকার নিজের স্বার্থে দেশের বিচারব্যবস্থা থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠান—সবকিছুর টুঁটি চেপে ধরেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করছে এবং এনআরসি (NRC) ও ডিলিমিটেশনের ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করছে। তবে বাংলার মানুষ এই চক্রান্তের যোগ্য জবাব দেবে বলে তিনি আশাবাদী। মমতার কথায়, “আমাকে ধমকে-চমকে লাভ নেই। আমি মানুষের জন্য লড়ছি এবং লড়ব।” নির্বাচনের আগে মমতার এই ‘জেলাস’ এবং ‘বেলাইন’ তত্ত্ব বঙ্গ রাজনীতির লড়াইকে যে নতুন মাত্রা দিল, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy