‘বলো হরি হরি বোল করে দেব’—বিজেপি নেতাদের বাড়ির সামনে শ্মশানের সামগ্রী! এলাকা জুড়ে চরম আতঙ্ক

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ঠিক আগের রাতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে দেখা গেল এক হাড়হিম করা দৃশ্য। হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর-১ এলাকায় বিজেপি নেতাদের বাড়ির দরজার সামনে গভীর রাতে কেউ বা কারা ফেলে রেখে গেল মৃতদেহ সৎকারে ব্যবহৃত সাদা থান কাপড়, সিঁদুর, জবা ফুল এবং তুলো। শুধু তাই নয়, ওইসব উপকরণের সঙ্গে একটি কাগজে বড় বড় অক্ষরে লিখে দেওয়া হয়েছে— ‘এবার বলো হরি হরি বোল করে দেব’।

আতঙ্কে বিজেপি নেতৃত্ব:
বিজেপির বুথ সভাপতি দুলালচন্দ্র মণ্ডল এবং স্থানীয় নেতা গৌড় বাউরিয়ার বাড়ির সামনে এই সামগ্রীগুলো পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে এই ‘মৃত্যু-পরোয়ানা’ দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। দুলালচন্দ্র মণ্ডল বলেন, “আমার পরিবার খুব ভয়ে আছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।” বিজেপির দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই তুকতাক ও ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে।

তৃণমূল বনাম বিজেপি:
বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, “তৃণমূলের তেল ফুরিয়ে গিয়েছে, ওরা এখন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলার চেষ্টা করছে। হিঙ্গলগঞ্জের মানুষ ইভিএমে এর জবাব দেবে।” অন্যদিকে, এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। তাঁর পালটা দাবি, “এটি বিজেপির সাজানো নাটক। মানুষের সহানুভূতি পেতেই নিজেরা এসব করে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে।”

পুরনো স্মৃতি ও বর্তমান আতঙ্ক:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে এই ‘সাদা থান’ কালচার নতুন নয়। বাম আমলেও বিরোধী কর্মীদের ভয় দেখাতে বাড়ির সামনে সাদা থান ফেলে রাখার বহু অভিযোগ উঠত। ছাব্বিশের ভোটের আগেও সেই একই ছবির পুনরাবৃত্তি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ইতিমাজ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy